চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ার জেরে স্বামীর কোদালের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত স্ত্রীর নাম নুরহাবা (২৫)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। আটক স্বামীর নাম মো. সেলিম (২৪)। তিনি একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে। সেলিম পেশায় দিনমজুর ছিল। তারা বর্তমানে চন্দনাইশ পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়ায় একটি টেনশেড বাসায় বসবাস করতেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টায় উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল। তিনি জানান, স্ত্রীর পরকিয়া নিয়ে আগে থেকেই স্বামী সেলিমের সাথে বিরোধ ছিল। আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম তার স্ত্রী নুরহাবাকে কোদাল দিয়ে আঘাত করে। এতে স্ত্রী গুরুতর আহত হন। পরে সেলিম ও স্থানীয়রা তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/পিআর

















