চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চকরিয়ায় তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি, সমবয়সীর ঘুষিতে শিশু নিহত

চকরিয়ায় তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি, সমবয়সীর ঘুষিতে শিশু নিহত

চকরিয়া সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৬ | ১:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় শিশুর ঘুষিতে প্রাণ হারিয়েছে তারেকুর রহমান নামের ১০ বছর বয়সী আরেক শিশু। নিহত তারেক ওই সড়কের এক পানের দোকানদার নাতি বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গাস্থ নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই ঘটনা ঘটে।

 

নিহত তারেকুর রহমানের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায়। সে ওই এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।

 

স্থানীয়রা জানান, পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়ক এলাকায় দাদার পানের দোকানে সময় দিতো তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায় অদূরে। সেখানে সমবয়সী বন্ধুর সাথে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু সজোরে কানের কাছে ঘুষি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় প্রাণ হারায় সে।

 

নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের ব্যবসায়ী জিয়াবুল হক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তবে বিষয়টি এখনো পর্যন্ত অবগত নয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়াসহ বিস্তারিত জানানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট