কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র কোটবাজারে যানজট নিয়ন্ত্রণের জন্য স্থাপিত সড়ক ডিভাইডার রাতের আঁধারে কেটে ফেলার চেষ্টা করেছে একটি চক্র।
সোমবার (১৭ আগস্ট) রাতে ডিভাইডারের একটি অংশে ড্রিল মেশিন ব্যবহার করে কাটার এই অপচেষ্টা চালানো হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মঙ্গলবার (১৮ আগস্ট) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার স্বয়ং ঘটনাস্থল পরিদর্শন করেন। জনস্বার্থসংশ্লিষ্ট এই স্থাপনাটি রক্ষায় তিনি তাৎক্ষণিকভাবে উখিয়া থানা, হাইওয়ে থানা এবং সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, গত দুই দিন ধরে রাতের অন্ধকারে একটি চক্র এই ডিভাইডারটি ভাঙা বা কাটার চেষ্টা চালিয়ে আসছে। কোনো অনুমতি ছাড়া এবং অসৎ উদ্দেশ্যে কারা এই কাজ করছে, তা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, “কে বা কারা এই ডিভাইডারটি কেটে ফেলার চেষ্টা করছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যেই জড়িতদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে”।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















