কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫ শ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত ভোররাত ৫টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলী (৩২) ও মো. আমিন (২৯)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে হ্নীলা ইউনিয়নের মগপাড়া এলাকার জনৈক ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যানুযায়ী শোয়ার ঘরের খাটের নিচ থেকে ২০ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
একই বাড়ির অন্য একটি কক্ষ থেকে মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করা হয় এবং তার খাটের নিচ থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে সাক্ষীদের উপস্থিতিতে মোট ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















