চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মাটিরাঙ্গায় পিস্তল-গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

মাটিরাঙ্গায় পিস্তল-গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পিস্তল, গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে।

 

পরে বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়। প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার এক পর্যায়ে মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির কিছুটা দূরত্ব তৈরি হয়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

 

বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

 

তিনি আরও বলেন, এবারই প্রথম খাগড়াছড়িতে ক্রিস্টাল আইস মেথ উদ্ধার করা হয়েছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট