কাতারে সড়ক দুর্ঘটনায় মো. ইমরান হোসেন ছোটন (৩৫) নামে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
কাজ শেষে বাইক চালিয়ে বাসায় ফেরার সময় তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেন কাতারে থাকা তার স্বজনরা।
নিহত ইমরান হোসেন ছোটন রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. আকতার হোসেনের পুত্র। তবে পরিবারটি দীর্ঘদিন ধরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকায় বসবাস করে আসছে। তিনি রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৬ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা) কাতারে বাইক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় হামাদ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বজনরা। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।
তার স্বজনরা আরো জানান, ময়নাতদন্ত ও দাপ্তরিক কার্যক্রম শেষে তার মরদেহ দেশে পৌঁছানোর পর রাঙ্গুনিয়ায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
কাতারে আকস্মিক মৃত্যুর খবরে নিহতের পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে, তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















