চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে যুবককে তাড়া করে গুলি, এলাকায় আতঙ্ক

হাটহাজারীতে যুবককে তাড়া করে গুলি, এলাকায় আতঙ্ক

হাটহাজারী সংবাদদাতা

১৭ আগস্ট, ২০২৬ | ৯:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৬) নামে এক তরুণকে গুলি করে পালিয়েছে একদল অস্ত্রধারী।

 

সোমবার (১৭ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এই ঘটনা ঘটে। আহত আরাফাত বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডল বাড়ির বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাটহাজারী মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় নিয়ে আসে এবং সেখানে তাকে ধরে গুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার ডা. উপল চৌধুরী জানিয়েছেন, আরাফাতের মুখে গুলি লেগেছে, তবে আঘাতটি গুরুতর নয়। এটি রাবার বুলেট বা ছররা গুলি হতে পারে বলে তিনি ধারণা করছেন।

 

দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশা জানান, গুলির শব্দ শুনে তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। তার ধারণা, আগের কোনো বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।

 

হাটহাজারী মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, গুলির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গেলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট