কক্সবাজার পৌর শহরের ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে আলমগীর টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজিরপাড়ার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রুবেল (৩০)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর টাওয়ার সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. ফয়সাল চিহ্নিত অপরাধী। ২০২১ সালের ২৯ জুলাই তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর

















