চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে আবারো শিপইয়ার্ডে দুর্ঘটনা, আহত এক শ্রমিক

সীতাকুণ্ড সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই আবারও একটি শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে।  রবিবার উপজেলার শীতলপুরে অবস্থিত ঐ ইয়ার্ডে ভারি লোহা চাপা পড়ে আহত হয়েছে মো. আলাউদ্দিন নামক এক শ্রমিক। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে|

 

স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ড নামক একটি জাহাজ ভাঙা উঠোনে কাজ করার সময় ঐ ইয়ার্ডের ফিটার ম্যান মো. আলাউদ্দিন ভারি লোহায় আঘাতে গুরুতর আহত হন। এসময় সেখানে উপস্থিত সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার কুমিরার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার অবস্থা খুব বেশি গুরুতর নয় বলে জানান সংশ্লিষ্টরা।

 

জানতে চাইলে বাংলাদেশ শিপব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের সেক্রেটারি মো. নাজমুল ইসলাম বলেন, আমিও শুনেছি এক শ্রমিক আহত হয়ে ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর বেশি তিনি অবগত নন বলে জানান।

 

এদিকে, গত শুক্রবার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল রিসাইক্লিং শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ জন নিহত ও অন্তত ১০ জন অসুস্থ হওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মধ্যে আবার এক শ্রমিক আহত হওয়ায় নতুন করে শ্রমিক নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দুর্ঘটনা ঠেকাতে কর্তৃপক্ষকে আরো সচেতন হওয়া জরুরি বলে অভিমত প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট