চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের অভিযানে দুটি বানর উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে উদ্ধার করা বানর দুটি প্রকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় বন আইনে মামলা করা হবে জানিয়েছে বন বিভাগ।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বানর দুটি উদ্ধার করা হয়। বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর খবর পেয়ে বানর আটকে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। পরে সেখান থেকে দুটি বানর উদ্ধার করা হয়।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উদ্ধার করা বানর দুটি রাঙ্গুনিয়ার এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক এলাকায় প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানিয়েছে, বন্য প্রাণী আটকে রাখার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করা হবে।
পূর্বকোণ/পারভেজ

















