টেকনাফে ১৬ এপিবিএনের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৬৫ জন সদস্য অংশ নেন।
তিনি জানান, অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় চারটি ওয়ারেন্টভুক্ত এক দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করে অভিযানিক দল। নিয়মিত মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে দুটি এবং অন্য দুজনের বিরুদ্ধে একটি করে ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়া অনলাইন জুয়া, সরকারি ও পুলিশি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অপরাধের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে মোট সাতটি ওয়ারেন্ট তামিল এবং একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/আরআর

















