কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে লবণ মাঠে জুতা হারানোর জেরধরে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান সাকিব (৩০) নামের এক পশু চিকিৎসককে হত্যা করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) ভোররাতে চট্টগ্রাম নগরীর এশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান সাকিব (৪০) বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার ওয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গত ১৩ আগস্ট লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের স্যান্ডেল হারিয়ে যায়। স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে প্রথমে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের কয়েকজন লোক তর্কাতর্কি সৃষ্টির পরে সাকিবের ওপরে হামলায় চালায়। এরপর লবণ মাঠ থেকে ফিরে এলাকায় আসলে ফের হামলার শিকার হন সাকিব। এ ঘটনার বিষয়ে সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নিলেও অভিযুক্তরা বাহুবল দেখিয়ে বৈঠকে আসেনি।
নিহত পরিবারের লোকজনসহ স্থানীয়রা জানান, গত ১৫ আগস্ট সকাল ৭টার দিকে কাইফু, ইমন, রোকন, জীবন ও জিহানসহ আরো কয়েকজন মিলে দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে সাকিবের বাড়িতে ঢুকে ভাংচুর এবং এলোপাতাড়ি মারধর করাতে সাকিবের বাবা ওয়াজ উদ্দিন, দুই ভাই আরফাত ও মোশাররফ গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিক অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সাকিব হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি স্থানীয়দের।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তিনিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছেন। এখনো খুনের বিষয়ে বিস্তারিত কোন তথ্য সঠিক জানতে পারেনি। কারা ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করা গেলে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
পূর্বকোণ/পিআর

















