বহু কষ্টে লালন–পালন করা চারটি গরুই ছিল দিনমজুর আবু জাফরের পরিবারের একমাত্র মূলধন। সেই গরু বিক্রি করে ঋণ পরিশোধ, জমি বন্ধক নিয়ে চাষাবাদ করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু ঘরে লাগা আগুনে চারটি গরুসহ বসতঘরের সবকিছু পুড়ে যাওয়ায় এক দিনে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় বারবাকিয়া ইউনিয়নের কুতুব পাড়া এলাকায় রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে দিনমজুর আবু জাফরের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে চারটি গরু পুড়ে মারা যাওয়ার পাশাপাশি বসতঘরসহ আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
পরিবার সূত্রে জানা যায় আবু জাফর দিনমজুরি করে সংসার চালান। কয়েক বছর আগে ঋণ নিয়ে দুটি গরু কেনেন। পরে সেই গরু থেকে আরও দুটি বাছুর হয়। চারটি গরু বড় হলে সেগুলো বিক্রি করে ঋণের টাকা পরিশোধ, কিছু জমি বন্ধক নিয়ে চাষাবাদ শুরু করার পরিকল্পনা ছিল তার। কিন্তু রবিবার সকালে বাড়িতে আগুন লাগার পর মুহূর্তেই সেই স্বপ্ন শেষ হয়ে যায়।
কান্নাজড়িত আবু জাফর বলেন, ‘আল্লাহ আমার কষ্টের ফসল এমন করে কেড়ে নিল। কেমন করে সংসার চালাব?’
পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। যাতায়াতের রাস্তাটা ও অনেক খারাপ। আগুন লাগার সময় পরিবারের কোন লোকজন ছিল না। আগুনের সূত্রপাত কোথায় থেকে কেউ জানে না। আগুনে চারটি গরু ও বসতঘরের মালামাল পুড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
পূর্বকোণ/পিআর

















