কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উখিয়া ও টেকনাফ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ভারি বৃষ্টির মধ্যে মরিচ্যা বিজিবি চেকপোস্টসংলগ্ন সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছ আকস্মিকভাবে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। এতে চারটি খুঁটির সমন্বয়ে তৈরি বক্স পোল ক্ষতিগ্রস্ত হয় এবং ৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশ নষ্ট হয়ে যায়।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া কার্যালয়ের ডিজিএম কায়জার নুর বলেন, গাছ পড়ে ৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে উখিয়া-টেকনাফ দুই উপজেলাসহ মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। রক্ষণাবেক্ষণ ও মেরামত শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আনুমানিক ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগতে পারে।
পূর্বকোণ/ইবনুর/এএইচ

















