চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।
শনিবার (১৫ আগস্ট) বিএসআরবি এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার।
তিনি জানান, স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটির সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
বিএসআরবি মহাপরিচালক বলেন, শুক্রবারের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে নোঙর করে রাখা একটি পুরোনো জাহাজে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটির ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম ‘এমটি রাসি’। জাহাজটির দৈর্ঘ্য ২৮০ মিটার এবং প্রস্থ ৪৩ মিটার। জাহাজটি ভাঙার জন্য ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে আনা হয়।

















