চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি কাঁচামাল পাইকারি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মীকে অপহরণ করে জিম্মি করার পর ১৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার সুগারমিল-ঠান্ডাছড়ি সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, মো. কামাল (২৮) সিএনজি অটোরিকশায় করে ব্যবসার টাকা নিয়ে ফেরার সময় দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন। পরে তাঁকে জিম্মি করে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ছুরি দিয়ে আহত করার পর তাঁর কাছে থাকা ব্যবসার প্রায় ১৩ লাখ টাকা নিয়ে তাঁকে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
আহত কামাল পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই শেখ আবু সিদ্দিক চেয়ারম্যান বাড়ির শেখ মো. ইসহাকের ছেলে। তিনি রাঙ্গুনিয়ার রানিরহাটের মেসার্স জসিম ট্রেডার্স নামের একটি পাইকারি আড়তে বিক্রয় সহকারী হিসেবে কর্মরত।
কামালের বাবা মো. ইসহাক ও স্বজন আবদুল নবী জানান, প্রতিদিনের মতো হাটহাজারী উপজেলা থেকে কাঁচামাল সরবরাহের হিসাব শেষে ব্যবসার টাকা নিয়ে ফিরছিলেন কামাল। পথে তাঁর সিএনজি অটোরিকশার গতিরোধ করে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে। পরে তাঁর কাছ থেকে টাকা নিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে সিএনজি চালক তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে আড়তের মালিক জসিম উদ্দিনকে খবর দেন। এরপর তাঁকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।
আড়তের মালিক জসিম উদ্দিন বলেন, কামালকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় দ্রুত থানায় মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত কামালের সঙ্গে কথা বলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী, আহত ব্যক্তি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সারোয়ার

















