চট্টগ্রামের রাউজানে টিকটকে ছবি আপলোড করা নিয়ে স্বামীর সঙ্গে বিরোধের জেরে শারমিন আকতার রিপা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও পরিবার। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্ব রাউজান এলাকা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শারমিন আকতার রিপা ওমানপ্রবাসী বাচা মিয়ার স্ত্রী। তিনি মোহাম্মদ আলাউদ্দিন ও জাহানারা বেগমের মেয়ে এবং দুই সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, টিকটকে ছবি আপলোড করা নিয়ে শারমিনের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বাচা মিয়া বিদেশ থেকে দেশে ফিরে আসেন। শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়।
বাচা মিয়া বলেন, ‘আমার সঙ্গে একটু বাড়াবাড়ি হয়। পরে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় সে আমার কক্ষেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।’
নিহতের বাবা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, তিনি কর্মস্থলে থাকা অবস্থায় মেয়ের মৃত্যুর খবর পান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সারোয়ার/পূর্বকোণ

















