চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দুর্ঘটনাস্থল পরিদর্শনে শিল্প সচিব

ভাটিয়ারীর শিপ ইয়ার্ডে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডে ৯ শ্রমিকের মৃত্যু

পূর্বকোণ ডেস্ক

১৫ আগস্ট, ২০২৬ | ৭:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে স্বাভাবিক মাত্রার চেয়ে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড (H₂S) গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষাক্ত এই গ্যাসের কারণেই জাহাজটিতে কাজ করতে গিয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

 

শনিবার (১৫ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

শিল্প সচিব বলেন, বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষায় দুর্ঘটনাকবলিত জাহাজে স্বাভাবিক মাত্রার তুলনায় বেশি হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের কমিটি করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গঠন করা হয়েছে নয় সদস্যের আরেকটি কমিটি। পাশাপাশি বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ডের (বিএসবিআর) পক্ষ থেকেও পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

 

আব্দুন নাসের খান বলেন, দুর্ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, ঘটনার সঙ্গে কারও অবহেলা কিংবা দায়িত্ব পালনে গাফিলতি ছিল কি না—তদন্ত কমিটিগুলোকে তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

দুর্ঘটনাকবলিত জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের সহায়তায় নিরাপদে অপসারণ করা হবে বলেও জানান শিল্প সচিব। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এদিকে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে নিহত কয়েকজন শ্রমিকের পরিবারের সদস্যদের থানায় ডাকা হয় বলে জানিয়েছেন স্বজনরা।

 

পূর্বকোণ/সারোয়ার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট