চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৫ আগস্ট, ২০২৬ | ৬:৫২ অপরাহ্ণ

ফেনীর চাঞ্চল্যকর চার যুবক অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিন্টুকে (২৫) টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মিন্টু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়ার আবুল হাশেমের ছেলে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা আ. ম. ফারুক।

 

র‍্যাব জানায়, মিন্টু টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব আরও জানায়, মিন্টুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

 

গ্রেপ্তারের পর মিন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই অপহরণ মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/সারোয়ার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট