চট্টগ্রাম রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

প্রবাসীর বাড়িতে ডাকাতি: ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রবাসীর বাড়িতে ডাকাতি: ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

চন্দনাইশ সংবাদদাতা

১৪ আগস্ট, ২০২৬ | ১০:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলীতে গভীর রাতে এক প্রবাসীর নবনির্মিত বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং ইলেকট্রনিক সামগ্রীসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সাতবাড়িয়া জামতলের পার্শ্ববর্তী বৈলতলী এলাকায় প্রবাসী মো. বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতদল বাড়ির সিঁড়ি ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। ভুক্তভোগী পরিবার জানায়, ৭-৮ জন যুবক ‘আসামি ধরার’ কথা বলে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বেলালের স্ত্রী, মা এবং তার ভাইয়ের স্ত্রীকে একটি কক্ষে জিম্মি করে ফেলে। ডাকাতরা বাড়ির পাশে অবস্থান নিয়ে লোকজনের গতিবিধি নজরদারি করছিল এবং পাশের বাড়ির দারোয়ানকেও আটকে রেখেছিল।

ডাকাতরা ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার, ২টি এলইডি টেলিভিশন এবং বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে লুটে নেওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকার বেশি বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে। পরবর্তীতে প্রবাসীর মা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন।

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন প্রকাশ নওশা মিয়া জানান, ওই এলাকায় দীর্ঘ ২০ বছর পর পুনরায় এমন ডাকাতির ঘটনা ঘটল। তিনি ঘটনাটি চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন এবং ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন। তিনি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান।

 

এ বিষয়ে বক্তব্য জানার জন্য চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট