কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পুলিশ সদস্যের নাম আতাউল গণি। তিনি পিরোজপুর জেলার রাজবাড়ি কুড়িবুনিয়া গ্রামের বাসিন্দা এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
হোটেল ব্যবস্থাপনা সূত্রে জানা যায়, শারীরিক চিকিৎসার কথা বলে কক্সবাজার শহরে এসে গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা হোটেলে ওঠেন আতাউল গণি। আজ শুক্রবার দুপুর ২টার দিকে নিয়মানুযায়ী ‘চেকআউট’-এর সময় পেরিয়ে গেলেও তাঁর কক্ষের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। হোটেল কর্তৃপক্ষ অনেক ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কক্ষের দরজা খুলে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















