কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র আরিফ উল্লাহর (১৬) মরদেহ ঘটনার একদিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী নিহত আরিফ উল্লাহ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমান উল্লাহর ছেলে। ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে ৩৫ জন শিক্ষার্থীর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে যায়। সেখানে শিক্ষার্থীদের একটি অংশ ফুটবল খেলছিল এবং অন্যরা সাগরে গোসল করছিল। গোসলের একপর্যায়ে একটি বড় ঢেউয়ের ধাক্কায় আরিফ উল্লাহ সাগরের পানিতে পড়ে যান। এ সময় তার সহপাঠী সাইদি তাকে হাত ধরে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে তাকে ধরে রাখতে পারেননি। চোখের পলকেই আরিফ উল্লাহ সাগরের স্রোতে ভেসে যান।
ছাত্র নিখোঁজের পর সহপাঠী, স্থানীয় বাসিন্দা, স্বজন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে বৃহস্পতিবার দিনভর তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর শুক্রবার বিকেলে কচ্ছপিয়া নৌঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে স্বজনরা গিয়ে সেটি আরিফ উল্লাহ বলে শনাক্ত করেন। পরে তারা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
নিহতের বাবা আমান উল্লাহ জানান, সাগরে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসার খবর পেয়ে তারা সেটি উদ্ধার করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















