চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

চকরিয়া সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২৬ | ৪:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নসহ নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

নিহতেরা হলেন- উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমান ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত আবুল কাশেম ছেলে মো. রফিক (২৮), খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) ও  ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)। প্রথমজন মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ও পরের তিনজন  কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

গুরুতর আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসা পাড়া আব্দুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), একই এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০),  খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) ও টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার মো. রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)। এদের কিছু সদর হাসপাতাল আর কিছু মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান।

 

তিনি জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে নম্বরবিহীন চার চাকার জিটু নামের একটি লেগুনা গাড়ি যাত্রী নিয়ে চকরিয়ার দিকে আসছিল। এসময় কক্সবাজারমুখী যাত্রীবাহী এসি লাল-সবুজ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিটু গাড়িটির ছাদ ছিঁড়ে নিচে পড়ে যায়। আর গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িটির চালকসহ ৮ যাত্রী গুরুতর আহত হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। কিছু সদর হাসপাতালে আর কিছু খ্রিস্টান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় চারজন যাত্রী মারা যান। আর বাকী ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। তবে এসি বাসের চালক-হেলপার কাউকে পাওয়া যায়নি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট