চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

প্রবাসীর ২৩ লাখ টাকা ছিনতাই: সাড়ে ১৭ লাখ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রবাসীর ২৩ লাখ টাকা ছিনতাই: সাড়ে ১৭ লাখ উদ্ধার, গ্রেপ্তার ১

রাউজান সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৬ | ১০:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে এক দুবাই প্রবাসীর প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্রের মুখে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ঘটনার পরপরই রাউজান থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে ছিনতাই হওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী দুবাই প্রবাসী মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির জানান, তিনি গত তিন মাস আগে ছুটিতে দেশে এসেছেন। তাঁর কাতার প্রবাসী চাচাতো ভাইয়ের পাঠানো টাকা দিয়ে ইট কেনার জন্য মঙ্গলবার (১১ আগস্ট) ৪টি ব্যাংক হিসাব থেকে মোট ২৫ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন করেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দুই বন্ধুসহ একটি প্রাইভেটকারে করে ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন। উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরের সেবাখোলা এলাকায় পৌঁছালে চার ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে। অভিযুক্তরা গাড়ির দরজা খুলতে বলে এবং বাধা দিলে ভুক্তভোগীদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াছিন নগর এলাকা থেকে মো. জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকেই ছিনতাই হওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এই ঘটনায় বুধবার (১২ আগস্ট) ভুক্তভোগী আহম্মদ উল্লাহ চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন । অভিযুক্ত অন্য তিনজন হলেন—মো. শহিদুল ইসলাম ওরফে পারভেজ (৩৮), মো. সালাউদ্দিন (৪২) ও মো. আলমগীর (৪০)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত টাকা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মালিককে হস্তান্তর করা হবে। বাকি টাকা উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট