চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম সারোয়াতলী তালুকদার বাড়ি মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। আবু হুরায়রা স্থানীয় তালুকদার বাড়ির মাওলানা আবু সাঈদ সিদ্দিকীর ছেলে এবং হযরত হাসান বিন সাবিত (রহ.) নুরানী মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
নিহত হুরায়রার চাচা সবুজ জানান, সে তার বাবার সাথে মসজিদের পুকুরে গোসল করতে নেমেছিল। এ সময় রাবারের এক টিউবে ভেসে সাঁতার শিখছিল। একপর্যায়ে হুরায়রার বাবার ফোনে কল আসায় তিনি পুকুর থেকে উঠে কথা বলতে যান। ফোনে কথা বলা শেষে তিনি ফিরে এসে ছেলেকে দেখতে পাননি। ছেলে ঘরে চলে গেছে ভেবে তিনিও গোসল শেষ করে বাড়িতে ফিরে যান। ঘরে ছেলেকে দেখতে না পেয়ে স্থানীয়দের সহায়তায় পুকুর ঘাটের নিচ থেকে আবু হুরায়রাকে উদ্ধার করা হয়।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. চন্দিমা বড়ুয়া তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/আদর/পারভেজ
















