চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে ৪ ফার্মেসিকে সোয়া লাখ টাকা জরিমানা

মিরসরাইয়ে ৪ ফার্মেসিকে সোয়া লাখ টাকা জরিমানা

মিরসরাই সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৬ | ৬:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি এবং ফার্মেসি মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত এই অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে চার ফার্মেসিকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন ফার্মেসিতে ওষুধের মান, সঠিক সংরক্ষণ পদ্ধতি এবং বিক্রয়সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

অভিযান চলাকালীন মোবাইল কোর্টের পক্ষ থেকে আবুতোরাব বাজারের অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতিও পরিদর্শন করা হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম, উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী, বাজার কমিটির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, জনস্বার্থে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং ফার্মেসিগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “ওষুধ ও কসমেটিকস আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। আইন অমান্য করে অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়াও বাজারের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং আইনসম্মত ব্যবসা নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট