কক্সবাজারের টেকনাফে উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উনছিপ্রাং ক্যাম্পের সি-১ ব্লকের আব্দুস শুক্কুরের ছেলে নুর জোহার (৪৭) এবং বি-৫ ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে মুহাম্মদ ইউসুফ (২৭)।
টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, সোমবার (১০ আগস্ট) বিকেলে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিক প্রশাসনের নির্দেশে ক্যাম্পে স্থাপিত সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজ তদারকি করছিলেন। এ সময় আগে থেকে ওতপেতে থাকা একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাকে লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ করে। হেড মাঝি রফিক দ্রুত মাথা নিচু করে আত্মরক্ষা করায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে তার পেছনে থাকা মো. হোছন (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হোছন এ-৪ ব্লকের বাসিন্দা।
এই ঘটনার পর হেড মাঝি রফিক বাদী হয়ে টেকনাফ থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন জানিয়েছেন, ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এই ধরনের অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















