চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

উখিয়ার চাঞ্চল্যকর ‘গোল মেহের’ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

উখিয়ার চাঞ্চল্যকর ‘গোল মেহের’ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

১১ আগস্ট, ২০২৬ | ৮:০০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার চাঞ্চল্যকর বৃদ্ধা ‘গোল মেহের’ হত্যা মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নুর আহমদকে (৬১) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

 

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের রামু থানার পানেরছড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর আহমদ উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখা বড়বিল (পশ্চিম) গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে।

 

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

র‍্যাব জানায়, গত ১৭ আগস্ট ২০২৫ তারিখে উখিয়া থানার হলদিয়া পালং ইউনিয়নের বড়বিল এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে নির্মম হামলা চালানো হয়। ওই হামলায় স্থানীয় বৃদ্ধা গোল মেহের গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং র‍্যাব আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল রামুর পানেরছড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি নুর আহমদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট