চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

অনলাইন জুয়া খেলা ও মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

অনলাইন জুয়া খেলা ও মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

টেকনাফ সংবাদদাতা

১১ আগস্ট, ২০২৬ | ৬:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অনলাইন জুয়া খেলা, প্রকাশ্যে মাদক সেবন এবং সরকারি আদেশ অমান্যের দায়ে এক নারীসহ মোট পাঁচ রোহিঙ্গাকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/এলএমএস ও এফ/এলএমএস ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়।

 

এপিবিএন সূত্রে জানা গেছে, লেদা এপিবিএন ক্যাম্পের একটি টহল দল অনলাইনে জুয়া খেলার অভিযোগে মোহাম্মদ আব্বাস (২৫) ও আব্দুল গণিকে (২৯) আটক করে। পরে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে জুয়া খেলার প্রমাণ পাওয়া যায়। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে এফ/এলএমএস ব্লকের বালুর মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় উপকরণসহ আবুল ফয়েজ (২৩) ও মো. ইসমাইলকে (১৯) আটক করা হয়। অন্যদিকে, সরকারি আদেশ অমান্যের অভিযোগে পারভীন আক্তার (২৫) নামে এক নারীকে আটক করা হয়।

 

ক্যাম্প ইনচার্জ (সিআইসি) ও সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

আদালত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী- আব্দুল গণিকে ৩ মাস, মোহাম্মদ আব্বাসকে ১ মাস, আবুল ফয়েজ ও মো. ইসমাইলকে ৩ মাস এবং পারভীন আক্তারকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সজাপ্রাপ্ত রোহিঙ্গাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট