চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফ সীমান্তে রাতভর বিকট গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

টেকনাফ সীমান্তে রাতভর বিকট গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

টেকনাফ সংবাদদাতা

১১ আগস্ট, ২০২৬ | ৪:২০ অপরাহ্ণ

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার থেমে থেমে বিকট গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টেকনাফের হ্নীলা সীমান্তের ওপারে নাকপুরা ও খড়েরদ্বীপ এলাকায় এসব শব্দ শোনা যায়।

 

সীমান্তের চিংড়ি ঘের সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। হঠাৎ এমন বিকট শব্দে এপারের হ্নীলা ও আশপাশের অধিবাসীদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ ও নজরুল ইসলাম জানান, মিয়ানমার সীমান্তের ওপারে মাদক ব্যবসা ও নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়ায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পাশাপাশি রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র দল সক্রিয় রয়েছে। তবে ঠিক কাদের মধ্যে এই গোলাগুলি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে গোলাগুলির সময় মিয়ানমারের খড়ের দ্বীপ এলাকা থেকে নৌকায় করে একদল লোক বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে উখিয়া-৬৪ বিজিবির টহল দল ফায়ারিং করলে তারা পিছু হটে।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, সীমান্তের অভ্যন্তরে সশস্ত্র দুটি দলের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এটি ডাকাতদের নিজস্ব কোন্দল অথবা আরাকান আর্মির সঙ্গে তাদের সংঘর্ষ হতে পারে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট