কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যাসহ ১৬টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবদুল খালেক প্রকাশ নাহিদকে (৩১) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) দিবাগত রাতে টেকনাফ থানাধীন পশ্চিম লেদা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, পশ্চিম লেদা এলাকায় স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী নাহিদকে আটক করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর রাত সোয়া ১টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতার হাত থেকে নাহিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নাহিদ ও তার অজ্ঞাতনামা আরও ৫ সহযোগী একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। জনতা তাদের ধাওয়া করলে ৫ জন পালিয়ে গেলেও নাহিদ ধরা পড়ে। এ সময় তার লুঙ্গির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়। তার সহযোগীরা পালানোর সময় সিএনজির পেছনের সিটের বক্সে আরও ৩টি ওয়ান শুটার গান ও গুলি ফেলে যায়।
অভিযান শেষে পুলিশ নাহিদের কাছ থেকে এবং ঘটনাস্থল থেকে নিম্নলিখিত সরঞ্জামাদি জব্দ করে: ১টি ম্যাগজিনসহ পিস্তল (২ রাউন্ড গুলিসহ), ৩টি দেশীয় ওয়ান শুটার গান, ৬৯ রাউন্ড রাইফেলের গুলি ও ১০ রাউন্ড পিস্তলের গুলি, ১টি সাদা রঙের এ্যাংলেট এবং ১টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, গ্রেপ্তারকৃত নাহিদের বিরুদ্ধে থানায় রেকর্ডপত্র অনুযায়ী অস্ত্র, মাদক, ডাকাতি, খুন ও অপহরণের ঘটনায় মোট ১৬টি মামলা রয়েছে। এই মামলাগুলো বর্তমানে তদন্তাধীন বা আদালতে বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে আরও ২টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পূর্বকোণ/সিজান/পারভেজ















