চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল) এলাকার একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ভোরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো— মেহেদী হাসান (৩২), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪), মো. ইউসুফ (২৬), মো. রাকিব (২১) এবং মিজান উদ্দিন (৩২)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট দিবাগত রাত ২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের ‘অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা কারখানার নিরাপত্তাপ্রহরীকে জিম্মি করে তিনটি মোবাইল ফোন, ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর জোরারগঞ্জ থানা পুলিশ টানা ৩২ ঘণ্টার অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ বিশেষ অভিযান শুরু করে। ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে সাত আসামিকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মো. ইউসুফ নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। বাকি ছয় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/পিআর















