কক্সবাজারের উখিয়ায় হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক আসামি জকির (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
রোববার (৯ আগস্ট) রাত পৌনে আটটার দিকে উখিয়া থানার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জকির উখিয়ার ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/১০ ব্লকের বাসিন্দা জামাল হোসেনের ছেলে।
র্যাব-১৫ জানায়, উখিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জকির দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২-এর একটি আভিযানিক দল কুতুপালং এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১৫ এর এএসপি আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/পারভেজ















