টেকনাফে অপহরণের তিন দিন পর দাবি করা ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন হ্নীলা বাজারের দর্জি মোস্তাক আহমদ (৩২)। শনিবার রাতে বাহারছড়ার একটি পাহাড়ি এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
দর্জি মোস্তাক আহমদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী ৪ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে। হ্নীলা বাজারে তার একটি দর্জির দোকান রয়েছে।
মোস্তাক আহমদের স্ত্রী হোসনে আরা বেগম রবিবার ৯ আগস্ট মুক্তিপণের টাকা পরিশোধের কথা স্বীকার করে বলেন, মুক্তিপণের টাকা নিয়ে মোস্তাকের বোন জামাইকে বাহারছড়ার পাহাড়ি এলাকায় যেতে বলা হয়। অপহরণকারীদের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট স্থানে ৫ লাখ টাকা রেখে আসার পর তারা টাকা নিয়ে সেখান থেকে সরে যায়। পরে অন্য একটি জায়গায় মোস্তাককে ছেড়ে দেওয়া হয়। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। সে কথা বলতে পারছে না। গত ৫ আগস্ট দুপুর ২টার দিকে হ্নীলা কাঁচাবাজার থেকে মোস্তাক নিখোঁজ হন। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে মোস্তাকের পরিবারের কাছে ফোন আসে। অন্য প্রান্ত থেকে জানানো হয়, তাকে অপহরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মোস্তাক নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় তার শাশুড়ি নুর নাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-২৭২) করা হয়েছে। তিনি অপহরণকারীদের কাছ থেকে ফিরে এসেছেন এমন কোনো তথ্য তাঁর জানা নেই।
পূর্বকোণ/কাশেম/আরআর















