চট্টগ্রামের বাঁশখালীতে লবণ ও মাছের ঘেরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিল্লুর রহমান হত্যা মামলার আসামি মুন্সি আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার মুন্সি আলম উপজেলার সরল এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে বোয়ালখালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বাঁশখালীর সরল ইউনিয়নের ‘তাজুর ঘোনা’ লবণ ও মৎস্য সমিতির অধীনে মাসিক বেতনে চাকরি করতেন জিল্লুর রহমান। দীর্ঘদিন ধরেই ওই এলাকার মাছের ঘের ও লবণ মাঠের দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৩০ জুলাই গভীর রাতে সশস্ত্র লোক ভাড়া করে তাজুর ঘোনা এলাকা দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীরা তাণ্ডব চালায়। এ সময় ঘোনায় পাহারার দায়িত্বে থাকা জিল্লুর রহমানকে হুমকি দেওয়া হয়। জিল্লুর টর্চলাইটের আলো ফেলে আসামিদের চিনে ফেললে আসামিরা তাকে লক্ষ্য করে পর পর গুলি চালায়। বুকে তিনটি গুলি লাগায় জিল্লুর মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় জিল্লুরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জিল্লুরের বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় ৪০ জনের নামে এবং আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেল বোয়ালখালী থানা এলাকায় অভিযান চালিয়ে এ মামলার দুই নম্বর আসামি মুন্সি আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর















