চট্টগ্রাম রবিবার, ০৯ আগস্ট, ২০২৬

বুকভরা আশায় হাটহাজারীবাসী

প্রধানমন্ত্রীর আগমন: বুকভরা আশায় হাটহাজারীবাসী

খোরশেদ আলম শিমুল

৯ আগস্ট, ২০২৬ | ১১:৩৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাটহাজারী সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

আজ বিকেলে ফটিকছড়ি নানুপুর মাদ্রাসা থেকে সড়কপথে হাটহাজারীতে আসবেন প্রধানমন্ত্রী। আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক দুই প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা বাবুনগরীর কবর জিয়ারত করবেন। এরপর মাদ্রাসা সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোয় কিছু সময় অবস্থান করে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে পরিবার প্রতি এক লাখ টাকা তুলে দিবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও অনুষ্ঠানস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সফর উপলক্ষে হাটহাজারীর পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রস্তুত করা হয়েছে। হাটহাজারীর স্থানীয় সংসদ সদস্য, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে এক লাখ টাকা করে দেওয়া হবে। একই অনুষ্ঠানে ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে হাটহাজারীর বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও প্রস্তুতি চলছে। আশপাশের উপজেলা থেকেও নেতা-কর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সফরের মধ্য দিয়ে উপজেলার দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। হাটহাজারীবাসীর অন্যতম প্রধান দাবি ৬০০ শয্যার হাটহাজারী হাসপাতাল ও ট্রমা সেন্টার দ্রুত চালু করা। দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয়রা এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যকর উদ্যোগ চান। পাশাপাশি হাটহাজারী কৃষি ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ভেটেরিনারি ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিও রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ও কারিগরি প্রশিক্ষণের ক্ষেত্রে হাটহাজারীর দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে প্রধানমন্ত্রীর সফর নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট