চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। একই সাথে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— মো. ইয়াকুব নবী (৩৭) এবং বিলকিস আক্তার (২৭)। ইয়াকুব নবী হোসনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড খিল মোগল আরব তালুকদার পাড়ার আইয়ুব আলীর ছেলে। অন্য অভিযুক্ত বিলকিস আক্তার রাজানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হালিমপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী কিশোরী দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীকে প্রলোভন দেখিয়ে কয়েকদিন আগে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় কিশোরীর মা জান্নাতুন নাঈম বাদী হয়ে ২০ জুলাই (সোমবার) রাঙ্গুনিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা রুজু করা হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় নথিভুক্ত করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। বিশেষ অভিযানের মাধ্যমে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















