চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

কক্সবাজারে কিশোর সুকান্ত হত্যা: পরোয়ানাভুক্ত আসামি বেলাল গ্রেপ্তার

কক্সবাজারে কিশোর সুকান্ত হত্যা: পরোয়ানাভুক্ত আসামি বেলাল গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

২১ জুলাই, ২০২৬ | ১১:০৪ অপরাহ্ণ

কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সেলুন কর্মী কিশোর সুকান্ত দে (১৫) হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার বেলাল উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার (বাগানপাড়া) নুর মোহাম্মদের ছেলে।

 

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে একটি ফুটবল ম্যাচ কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে পরবর্তীতে উভয় পক্ষ রামদা, ধারালো ছুরি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত হন।

 

সংঘর্ষের সময় স্থানীয় একটি সেলুনে কর্মরত কিশোর সুকান্ত দে দোকান থেকে বাইরে বের হলে আসামিরা তার ওপর অতর্কিত আক্রমণ চালায়। রামদা ও রডের মারাত্মক আঘাতে মাথায় গুরুতর জখম হয় সুকান্তের। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ২৫ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-৪৭) দায়ের করেন। ঘটনার পর থেকে বেলালসহ আসামিরা আত্মগোপনে চলে গেলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার বেলাল উদ্দিন এলাকার চিহ্নিত দাঙ্গা-হাঙ্গামাকারী ও পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, দাঙ্গা, মারামারি, বিস্ফোরক ও অগ্নিসংযোগ এবং যৌতুক নিরোধ আইনে মোট ৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট