চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতের প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতের প্রক্রিয়া শুরু

কক্সবাজার সংবাদদাতা

২২ জুলাই, ২০২৬ | ১২:০২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক পর্যটন নগরী কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ এপ্রিল কক্সবাজার জেলা সফরকালে প্রধানমন্ত্রী পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। চিঠিতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং বিষয়টির অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠান।

 

চিঠিতে তিনি উল্লেখ করেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে কেন্দ্র করে কক্সবাজারে প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটে। দ্রুত নগরায়ণের ফলে এই নগরীর জনসংখ্যা, উন্নত অবকাঠামো ও নাগরিক সেবার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। তবে বিদ্যমান পৌরসভার সীমিত আর্থিক ও প্রশাসনিক সক্ষমতা দিয়ে এই বিশাল পর্যটন নগরীর সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই পর্যটন অবকাঠামোর আধুনিকায়ন, পরিবেশ সুরক্ষা ও নাগরিক সেবার মান বাড়াতে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা এখন সময়ের দাবি।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইতিবাচক সাড়ার পর স্থানীয় সরকার বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করছে। এখন প্রস্তাবিত এলাকার আয়তন, জনসংখ্যা, রাজস্ব আদায়ের পরিমাণ, প্রশাসনিক অবকাঠামো ও বিদ্যমান আইনগত কাঠামো বিবেচনা করে বিস্তারিত সম্ভাব্যতা যাচাই করা হবে।

 

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, কক্সবাজার সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করলে কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন, প্রশস্ত সড়ক নির্মাণ এবং উন্নত পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলার পথ সুগম হবে। বর্তমানে বিষয়টি সরকারি প্রশাসনিক পর্যায়ে মূল্যায়ন ও আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট