চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

‘বাবার অসুস্থতার’ কথা বলে রাঙ্গুনিয়ায় শিশু অপহরণ, একদিন পরও খোঁজ নেই

‘বাবার অসুস্থতার’ কথা বলে রাঙ্গুনিয়ায় শিশু অপহরণ, একদিন পরও খোঁজ নেই

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২১ জুলাই, ২০২৬ | ৭:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) নামে এক শিশুকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

সোমবার (২০ জুলাই) উপজেলার পশ্চিম সরফভাটা এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃত শিশুটি ওই এলাকার হাফেজ মোহাম্মদ শরিফের বাড়ির বাসিন্দা মোহাম্মদ দেলোয়ারের মেয়ে এবং স্থানীয় ইমাম আযম আবু হানিফা (র.) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

 

শিশুর বাবা মোহাম্মদ দেলোয়ার জানান, স্কুল ছুটির পর ওয়াসিফা তার সহপাঠীদের সঙ্গে বাসায় ফিরছিল। বাড়ির সামনে আগে থেকেই একটি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে। অটোরিকশায় থাকা ব্যক্তিরা ওয়াসিফাকে বলে, “তোমার আব্বু অসুস্থ, তোমাকে নিতে এসেছি।” এই কথা বলে তাকে গাড়িতে তুলে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সহপাঠী ও আত্মীয় শিশুদের কাছ থেকে জানা গেছে, গাড়িটিতে চালকসহ মোট তিনজন ব্যক্তি ছিল।

 

মোহাম্মদ দেলোয়ারের দাবি, এটি একটি পরিকল্পিত অপহরণ। তিনি বলেন, “তারা আমার মেয়ের নাম জানত এবং আমার অসুস্থতার কথা বলে তাকে নিয়ে গেছে”। বিদ্যালয়ের শিক্ষক নুরুল আবছারও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই সহপাঠীর সামনেই এই ঘটনা ঘটেছে।

 

সন্তানকে হারিয়ে মা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমার নিষ্পাপ শিশুকে কেন নিয়ে গেল? আমি শুধু আমার মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই”।

 

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। শিশু ওয়াসিফাকে উদ্ধারে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে এবং বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট