চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মব সৃষ্টি করে পুলিশ থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৬

মব সৃষ্টি করে পুলিশ থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৬

কুতুবদিয়া সংবাদদাতা

২০ জুলাই, ২০২৬ | ১০:০১ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে পুলিশ।

 

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে । এ সময় উত্তেজিত জনতা ‘মব’ সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আসামি মো. মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়ে যায়।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মিজানুর রহমান ওই এলাকায় একটি চায়ের দোকানে অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় প্রায় অর্ধশতাধিক দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে তারা হ্যান্ডকাফসহ আটক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

এই হামলার ঘটনায় কুতুবদিয়া থানার এএসআই অমল বড়ুয়া বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ জনসহ মোট ৬৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক চিরুনি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে।

 

কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাঈদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বিভিন্ন কৌশল ও রাতভর নাটকীয়তার আশ্রয় নিয়ে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। বর্তমানে পলাতক আসামি মিজানুর রহমানসহ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট