চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৬ জন, দুইটি জিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং দুইটি সিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লালানগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাজী মো. নুরুল ইসলাম রিফাতকে (২২) চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একটি অপহরণ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— লালানগর ইউনিয়নের ইসরাত বিন ইলিয়াছ প্রকাশ হৃদয় (২৭), বায়েজিদ বোস্তামী এলাকার এহসানুল হক রবিন (২২), ফটিকছড়ি উপজেলার ইরফান উদ্দিন আকিব (২৩) এবং বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ সোহেল (২৮)।
অন্যান্য আসামিদের মধ্যে মারধর ও হুমকির মামলায় আহমেদ রেজা সাকিল (২৪) এবং বেআইনি সমাবেশ, পথরোধ, মারপিট, চুরি ও হুমকির মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. তৈয়ব আলীকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন থেকে বন আইনের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জিয়াউল হক ওরফে মোহাম্মদ আলীকেও গ্রেপ্তার করে পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান যে, বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত এই আট আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















