রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজের দু’দিন পর বিএনপি নেতা মো. মাসুদের (৫৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা নামক এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস টিম লিডার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার (১৮ জুলাই) বিকেলের দিকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে নিজের নৌকায় (ইঞ্জিন চালিত বোট) করে কাপ্তাই উপজেলায় ফেরার পথে উপজেলার গর্জনটিলা এলাকায় নিখোঁজ হন এবং ওই এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।
রবিবার সকাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লে. কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে একটি ৮ সদস্যর ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছিল।
রাঙামাটি বিএনপির যুগ্নসম্পাদক ও কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন জানান, মাসুদকে নিখোঁজের পর হতে নদীতে জাল ফেলে হন্য হয়ে খুজার পর দুই দিন পর আজ তার লাশ পেয়েছি। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাদুল হাসান রুবেল (ওসি)জানান, আমরা লাশ উদ্ধার করেছি। পরিবারের পক্ষ হতে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিকাল ৫টায় বিএনপি নেতা মাসুদের জানাজা শেষে লক্ষ্মীপুর জেলা নোয়াহাট নিজ গ্রামে নেয়া হবে।
পূর্বকোণ/পিআর















