চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে নাফ নদীতে ভেসে এলো অজ্ঞাতনামা যুবকের মরদেহ

টেকনাফে নাফ নদীতে ভেসে এলো অজ্ঞাতনামা যুবকের মরদেহ

টেকনাফ সংবাদাদাতা

১৯ জুলাই, ২০২৬ | ৪:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ নিয়ে গত ১২ দিনের ব্যবধানে টেকনাফ থেকে অজ্ঞাতনামা ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন বিজিবি বিওপির সামনে নাফ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি জানান, সকালে স্থানীয়দের কাছ খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। গত ১২ দিনের মধ্যে টেকনাফের বিভিন্ন স্থান থেকে পাঁচটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারাবাহিকভাবে এভাবে মরদেহ ভেসে আসার ঘটনায় সমুদ্রপথে মালয়েশিয়াগামী মানবপাচার কিংবা ট্রলারডুবির ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

 

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সনজীব জানান, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত যুবকের পরনে ছিল গাঢ় নীল রঙের হাফ প্যান্ট ও হালকা সবুজ রঙের জার্সি। মুখে হালকা দাড়ি-গোঁফ রয়েছে। শরীরের বিভিন্ন অংশের ত্বকের রঙ পরিবর্তিত হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি সমুদ্রপথে মালয়েশিয়াগামী দুটি ট্রলার মিয়ানমারের উপকূলে ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনি একজন হতে পারেন। তবে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছেনা। কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও উত্তাল বঙ্গোপসাগরের কারণে সমুদ্র ও নাফ নদীর বিভিন্ন এলাকায় মরদেহ ভেসে আসার আশঙ্কা বেড়েছে।

 

টেকনাফ নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত ব্যক্তি বাংলাদেশি নাকি রোহিঙ্গা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

উল্লেখ্য, গত ৮ জুলাই টেকনাফের শাহপরীরদ্বীপ, সেন্টমার্টিন ও রাজারছড়া সৈকত থেকে তিনজন অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ১০ জুলাই শাহপরীরদ্বীপ সংলগ্ন সৈকত থেকে আরও একটি মানবকঙ্কাল উদ্ধার করে পুলিশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট