চট্টগ্রামের পটিয়া উপজেলা ভূমি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে গিয়েছেন সংসদ সদস্য মো. এনামুল হক এনাম।
রবিবার (১৯ জুলাই) দুপুরে তিনি সরকারি এ দুই সেবা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে এমপি এনামুল হক সাংবাদিকদের বলেন, ‘সরকারি সেবা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের অভিযোগ ও নেতিবাচক ধারণা রয়েছে। বাস্তবে সেবার মান কেমন, জনগণ কী ধরনের সেবা পাচ্ছে এবং কোথাও কোনো অনিয়ম বা হয়রানি হচ্ছে কি না—তা সরেজমিনে জানতেই তার এই আকস্মিক পরিদর্শন’।
পরিদর্শনের শুরুতে তিনি প্রবেশ করেন পটিয়া ভূমি অফিসে। সেখানে বিভিন্ন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে খোঁজখবর নেন। সেবাপ্রার্থীরা সন্তোষজনক সেবা পাওয়ার কথা জানালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি কঠোরভাবে নির্দেশ দেন, কোনো বহিরাগত বা দালাল যেন ভূমি অফিসে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে। কেউ প্রভাব বিস্তার বা দালালি করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেন তিনি। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য।
পরবর্তীতে তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি পর্যবেক্ষণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে মতামত নেন।
পরিদর্শনকালে এক রোগী জানান, তার সন্তান ছয় দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। হাসপাতালের চিকিৎসা ও সেবায় তিনি সন্তুষ্ট বলেও সংসদ সদস্যকে জানান। এ সময় এমপি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা, জনবল সংকট বা প্রয়োজনীয়তা থাকলে তা দ্রুত তাকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। জনগণকে আরও উন্নত চিকিৎসাসেবা দিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
শুরুতে তিনি পৌরসদরের প্রেস ক্লাব সংলগ্ন পৌরসভা উপ-স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রমও পরিদর্শন করেন এবং সেখানে স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
তিনটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে এমপি এনামুল হক এনাম সার্বিক সেবা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পরিদর্শনে কোথাও দালালের উপস্থিতি তার নজরে পড়েনি। তবে এই পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সর্বদা সতর্ক থাকতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।
এসময় সংসদ সদস্যদের সঙ্গে ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন,আবদুল মাবুদ, মীর জাকের আহমেদ, জাসাস নেতা নাছির উদ্দিনসহ নেতৃবৃন্দ।
পূর্বকোণ/আদর
















