কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার শালবাগান নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে মো. ইসমাইল (৫১) নামে এক অপহৃতকে অক্ষত উদ্ধার করেছে র্যাব।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মো. ইসমাইল টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার নুরুল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকা থেকে একটি অপহরণকারী চক্র ইসমাইলকে অপহরণ করে। এই ঘটনায় ভিকটিমের বোন শামসুন্নাহার ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি জানার পরপরই র্যাব টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং মাঠ পর্যায়ে অভিযান শুরু করে।
অভিযানের বর্ণনা দিয়ে র্যাব-১৫ এর মিডিয়া অফিসার আ. ম. ফারুক জানান, ১৮ জুলাই বিকেলে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে অত্যন্ত সতর্কতার সাথে সেখানে অভিযান চালিয়ে জিম্মি মো. ইসমাইলকে উদ্ধার করা সম্ভব হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ভিকটিম জানান, অপহরণকারীরা তাকে গহীন পাহাড়ে আটকে রেখে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল। মুক্তিপণের টাকা আদায়ের উদ্দেশ্যে তার ওপর অমানবিক শারীরিক নির্যাতনও চালানো হয়েছে।
উদ্ধার হওয়া মো. ইসমাইলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পলাতক অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















