নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আজ শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ফটিকছড়ির হেঁয়াকো বাজারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’-এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীরা যৌক্তিক স্থানে উপজেলা সদর চাই স্লোগান দিয়ে এদিন সন্ধ্যায় হেঁয়াকো বাজার জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরো এক ঘণ্টা হেঁয়াকো বাজারে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।
সন্ধ্যার ব্যস্ত সময়ে টানা এক ঘণ্টা সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশেই আটকা পড়ে অসংখ্য যানবাহন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















