চট্টগ্রাম রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় কবরস্থান দখল ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

রাঙ্গুনিয়ায় কবরস্থান দখল ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৬ | ১০:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে জমজম জামে মসজিদের কবরস্থান দখল এবং গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লিসহ সর্বস্তরের জনগণ।

 

শনিবার (১৮ জুলাই) আয়োজিত এই মানববন্ধনে বক্তারা কবরস্থানটি দ্রুত দখলমুক্ত করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

 

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন যে, গত ৩০ জুন এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক মসজিদের কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ফেলেন এবং সেখানে থাকা গাছ কেটে ফেলেন। পরবর্তীতে এলাকাবাসী ও পুলিশের উপস্থিতিতে সীমানা পুনঃস্থাপন করা হলেও রাতের অন্ধকারে আবারও সেই সীমানা ভেঙে ফেলা হয়। বর্তমানে ওই ব্যক্তি এলাকাবাসীকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।

 

জমজম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বাচার নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন হাবিব, জাকের হোসেন, রুবেল, হিরণ, আবু সৈয়দ, কোরবান আলী, জামাল উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

 

বক্তারা অবিলম্বে কবরস্থানের জায়গা দখলমুক্ত করার পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি বন্ধ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট