চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ছনুয়া-ভাঙাখালী সেতু নির্মাণ শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছনুয়া-ভাঙাখালী সেতু নির্মাণ শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়া সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৬ | ৮:১০ অপরাহ্ণ

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়া রাজাখালীর ভাঙাখালী এবং বাঁশখালীর ছনুয়া সংযোগ সেতুর সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

শনিবার (১৮ জুলাই) বিকেলে তিনি পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ভাঙাখালী এলাকায় যান এবং প্রস্তাবিত সেতুর স্থানটি ঘুরে দেখেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ছনুয়া ও রাজাখালী এলাকার কয়েক হাজার নারী-পুরুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে সমবেত হন। পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

 

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ জনগণ ও বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ছনুয়া–ভাঙাখালী সংযোগ সেতু নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য যে, গত শুক্রবার (১৭ জুলাই) রাতে ‘ছনুয়া–ভাঙাখালী সেতু বাস্তবায়ন কমিটি’র একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর পেকুয়াস্থ বাসভবনে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। দীর্ঘদিনের জনদাবির প্রেক্ষিতে সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবির পরদিনই মন্ত্রী এই স্থান পরিদর্শনে এলেন।

 

মন্ত্রীর এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, মন্ত্রীর প্রেস সচিব ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সরওয়ার কামাল, প্রধান সমন্বয়কারী হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেল, মাওলানা আব্দুল করিম, নুরুল আবছার বদুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট