কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৮ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি ফেলে পালিয়ে যান। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর















